রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় জড়িত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চল।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন মোহা. আছাদুজ্জমান। তিনি জানান, তদন্তের স্বার্থে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত রাখা হবে।
তিনি আরও বলেন, কলেজটি জাতীয়করণ হলেও সংশ্লিষ্ট শিক্ষিকা এখনো এমপিওভুক্তির আওতায় রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট সবার কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার অধ্যক্ষের কক্ষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষিকা বিএনপির এক কর্মীকে থাপ্পড় মারছেন। পরে ওই কর্মীকে শিক্ষিকাকে জুতাপেটা করতে দেখা যায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে শনিবার সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা আলেয়া খাতুনকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেন স্থানীয় বিএনপি নেতারা।
এনএনবাংলা/


আরও পড়ুন
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ
গাজায় আশার আলো জাগালো একসঙ্গে ৩০০ জুটির বিয়ে