Skip to content

শাহরাস্তির উয়ারুক বাজারে তারেক রহমানকে বরণে সর্বোচ্চ প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমান কে বরণ করতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এ চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ১৬ মে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিতি খদ্দ খালের উদ্ভোধন ও সংক্ষিপ্ত পথসভায় আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সভাস্থল প্রস্তুত, সড়কসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক আয়োজন ঘিরে প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক তৎপরতা।

মঙ্গলবার (১২ মার্চ) দিনব্যাপী প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ইন্জিঃ মমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পুলিশ সুপার রবিউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এবং হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষ চাঁদপুর-৫ আসনের সাংসদ ইন্জিঃ মমিনুল হক বলেন, আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমন শাহরাস্তিবাসীর প্রত্যাশা ও রাজনৈতিক চেতনায় নতুন প্রাণসঞ্চার করবে। এই জনসমাগম প্রমাণ করে, দেশের মানুষ আজ গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্যবদ্ধ।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণ যাতে নির্বিঘ্নে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

জেলা পুলিশ সুপার রবিউল হাসান বলেন, “নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। যানজট নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।”

আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, “জননেতা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উয়ারুক বাজারে স্মরণীয় আয়োজন অনুষ্ঠিত হবে। জনগণের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।”

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, “অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত প্রস্তুতি ও জনসেবামূলক বিষয়গুলো তদারকি করা হচ্ছে। “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে।”

এ সময় হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং উয়ারুক বাজার জনসমুদ্রে পরিণত হবে বলে তারা আশা করছেন।