Skip to content

Upcoming
France
0-0
Morocco
Source: ESPN

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ না হলেও, আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নিজেদের প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলতে পারে। তিনি বলেন, নির্বাচন কমিশন চায় একটি ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে উঠুক, যাতে ভবিষ্যতের সব নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অতীতে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও হত্যাকাণ্ডের বহু ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ায় একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘর্ষ দেখা গেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না বলেও উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার—সব পক্ষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

এনএনবাংলা/