নজরুল সংগীত ‘রুম ঝুম’ দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজন। নজরুল সংগীত ‘রুম ঝুম’ প্রকাশের মাধ্যমে নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে জনপ্রিয় এই সংগীত প্ল্যাটফর্ম।
শনিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি।
‘রুম ঝুম’ গানটির মূল সুর নেওয়া হয়েছে অটোমান তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে। পরবর্তীতে সেই সুরকে বাংলা বর্ষার আবহে নতুন রূপ দেন কাজী নজরুল ইসলাম। দীর্ঘদিন ধরে গানটি বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে জনপ্রিয় হলেও এর সাংস্কৃতিক ভ্রমণের ইতিহাস অনেকের কাছেই অজানা ছিল। কোক স্টুডিও বাংলা চতুর্থ সিজনে সেই ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরা হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান। তাদের সঙ্গে সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। এই গানের মধ্য দিয়েই কোক স্টুডিও বাংলার মঞ্চে মাহতিম শাকিবের অভিষেক এবং নতুন কণ্ঠ হিসেবে যাত্রা শুরু হলো নুসরাত জাহানের।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানিয়েছে, চতুর্থ সিজনে মোট আটটি গান প্রকাশ করা হবে। প্রতিটি গান ভিন্ন ভিন্ন আবেগ, সংগীতধারা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
কোক স্টুডিও বাংলায় নিজের অভিজ্ঞতা জানিয়ে নুসরাত জাহান বলেন, ‘গানটি আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত ও অর্থবহ। সংগীত প্রযোজক শুভেন্দু ভাইয়া ছোটবেলা থেকেই আমার ও আমার ভাই সাইফের মেন্টর ছিলেন। তার সঙ্গে কাজ করা আমার জন্য স্বপ্ন পূরণের মতো। “রুম ঝুম”-এর মতো একটি গান দিয়ে কোক স্টুডিও বাংলায় যাত্রা শুরু করাটা আরও বিশেষ অভিজ্ঞতা।’
অন্যদিকে মাহতিম শাকিব বলেন, ‘রুম ঝুম’-এর অংশ হতে পারা তার জন্য বিশেষ অভিজ্ঞতা। গানটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে। কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে এবং একই সঙ্গে এর শিকড় ও ঐতিহ্যের প্রতি সম্মান বজায় রাখা হচ্ছে।
এনএনবাংলা/
