গরমে হাঁসফাঁস ‘ডোনাল্ড ট্রাম্পের’, আনা হল ফ্যান

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। বিরল সাদা রঙের এই মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত দর্শনার্থী। গরমের তীব্রতা থেকে প্রাণীটিকে স্বস্তি দিতে বিশেষ পরিচর্যার ব্যবস্থাও করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, উচ্চ তাপমাত্রার কারণে মহিষটিকে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। পাশাপাশি পাইপের মাধ্যমে নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে। গরমের প্রভাব কমাতে খাঁচার ভেতরে একটি স্ট্যান্ডফ্যানও স্থাপন করা হয়েছে।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খায়। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন হলে খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনে কয়েক দফায় মহিষটিকে খাবার দেওয়া হচ্ছে। সকাল ৯টার দিকে ছোলা-ভুসি, বেলা ১১টা ও দুপুর ২টার পর ঘাস এবং বিকেল ৩টার দিকে আবার ছোলা-ভুসি দেওয়া হয়।
গত বুধবার (২৭ মে) রাতে অ্যালবিনো মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে এটি ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে পরিচিতি বোর্ডে বাংলায় ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি মুক্তভাবে চলাচল করতে পারে। তবে গৃহপালিত প্রাণী হওয়ায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে বেঁধে রাখা হয়েছে, কারণ এমন পরিবেশেই সে অভ্যস্ত।
বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ফলে জাতীয় চিড়িয়াখানায় এটি এখন অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
এনএনবাংলা/
