Skip to content

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদের তৃতীয় দিন শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে ফিরতি যাত্রীদের উপস্থিতি দেখা গেছে।

টানা সাত দিনের ছুটি শেষে আগামী সোমবার খুলছে অফিস-আদালত। তবে বেসরকারি খাতের কিছু প্রতিষ্ঠান রোববার থেকেই কার্যক্রম শুরু করবে। এ কারণে অনেকেই আগেভাগে ঢাকায় ফিরছেন। সকাল থেকে রাজধানীর প্রবেশপথসহ গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও গাজীপুরসহ আশপাশের জেলা থেকে ছেড়ে আসা বাসগুলোতে যাত্রীচাপ ছিল স্বাভাবিক। একইভাবে ট্রেনযোগে ঢাকায় ফেরা যাত্রীসংখ্যাও ছিল স্বাভাবিক পর্যায়ে।

বাস কাউন্টারগুলোতে দীর্ঘ অপেক্ষা কিংবা বাসে উঠতে অতিরিক্ত ভোগান্তির চিত্র দেখা যায়নি। যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি থাকায় মানুষ একসঙ্গে না ফিরে ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন। শেরপুর থেকে আসা একটি বাসের হেলপার জানান, “এখনো ফিরতি চাপ পুরোপুরি শুরু হয়নি। বাসে সিট খালি থাকছে না ঠিকই, তবে বাসের জন্য মানুষের হাহাকার নেই। ভাড়া নিয়মিত চার্ট অনুযায়ীই নেওয়া হচ্ছে।”

যাত্রীরা বলছেন, সড়কে যানজট কম থাকায় এবারের ঢাকায় ফেরা তুলনামূলক বেশি স্বস্তিদায়ক হয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, রোববার বিকেল থেকে রাজধানীমুখী যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যেতে পারে।

এনএনবাংলা/