




বাংলাদেশের মানুষের সঙ্গে শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্রের ধারণা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতিতে বিশ্বাস করে এবং ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায় না।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি ‘রেজিমেন্টেড’ রাজনৈতিক দল। তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং তারা শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তবে এ ধরনের রাষ্ট্রব্যবস্থা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দেশের মানুষ একটি উদার ও সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়।
তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরানো হলেও এখন নতুন একটি চ্যালেঞ্জ সামনে এসেছে। তার ভাষায়, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল আবার সক্রিয় হয়ে উঠেছে, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। মানুষকে বিভ্রান্ত করে ভোটব্যাংক তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের অপপ্রচার মোকাবিলায় মাঠপর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ধর্মে বিশ্বাসী মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে এবং সম্প্রীতির মধ্যেই দেশকে এগিয়ে নিতে চায়। তাই বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদ মানেনি—এমন অভিযোগ সঠিক নয়। সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কোন রাজনৈতিক দল এটি সমর্থন করেছে এবং কোন দল করেনি। নির্বাচনে জনগণের ম্যান্ডেট অনুযায়ী যে দল ক্ষমতায় আসবে, তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে। বিএনপি জনগণের দেওয়া সেই ম্যান্ডেট অনুযায়ী কাজ করছে এবং জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা সেখানে না গিয়ে রাজপথে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তার দাবি, ১১ দল নিয়ে সভা-সমাবেশ করলেও জনগণের উল্লেখযোগ্য সমর্থন দেখা যাচ্ছে না। অন্যদিকে বিএনপির ছোট সমাবেশেও তাদের চেয়ে বেশি মানুষের উপস্থিতি হয়।
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা নিয়েই কাজ চালিয়ে যেতে হবে। বিএনপি অতীতে কোনো নির্বাচনে পরাজিত হয়নি, ভবিষ্যতেও হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এনএনবাংলা/
Tags: জামায়াতে ইসলামীবিএনপিমির্জা ফখরুলশরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র
এ সম্পর্কিত আরও পড়ুন