Skip to content

Upcoming
Portugal
0-0
Spain
Source: ESPN

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়েছে।

রোববার (৫ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে আদেশ ঘোষণার জন্য আগামী ২১ জুলাই দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

আদালত সূত্র জানায়, কারাগার থেকে মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তার পক্ষে আইনজীবী আনোয়ার জাহিদ ভূইয়া ও মো. বোরহান উদ্দিন অব্যাহতির আবেদন জানিয়ে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত আদেশের জন্য ২১ জুলাই তারিখ নির্ধারণ করেন।

এর আগে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অভিযোগে বলা হয়, মতিউর রহমান ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তিনি ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি চাকরির ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে নিজ নামে গোপনসহ মোট ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

এনএনবাংলা/