সাম্প্রতিক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: ভারতের হাইকমিশনার দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন: সিপিডি ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, ‘কার এত জ্বালা’ কলকাতায় ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে গেল ২২১ হোটেল, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
Skip to content

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

সারোয়ার আলমগীর। ফাইল ছবি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে কোনো আইনি বাধা নেই বলেও রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী নুরুল আমিনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির এবং আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সারোয়ার আলমগীর। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তার নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়।

এর আগে নির্বাচনের পূর্বে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন সারোয়ার আলমগীর। প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেন এবং ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন।

পরে ওই আদেশের বিরুদ্ধে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ তুলে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। আবেদনটি মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশ দেন, সারোয়ার আলমগীর নির্বাচনে বিজয়ী হলে তার ক্ষেত্রে প্রযোজ্য ফলাফল আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকাশ করা যাবে না।

পরবর্তীতে ৩১ মার্চ নিয়মিত আপিল দায়ের করেন নুরুল আমিন। ওই আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ রায় দেন। আদেশে হাইকোর্টকে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে, জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩ ফেব্রুয়ারির আদেশ বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়।

ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত ছিল।

আপিল বিভাগের নির্দেশনার পর রিটটি গত ২১ জুন চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। সেদিন আদালত শুনানির তারিখ নির্ধারণ করেন। পরবর্তী ধারাবাহিক শুনানি শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্ট সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন এবং তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে কোনো বাধা নেই বলে সিদ্ধান্ত দেন।

এনএনবাংলা/