Skip to content

বিশ্বকাপ দেখানোর নামে ১৪০ কোটি টাকা দুর্নীতি করেছে আ. লীগ: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ ফুটবল মানেই কোটি কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস ও উৎসবের উপলক্ষ। চার বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোববারের ফাইনালের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের আসর। ঠিক এই সময়ে বিশ্বকাপ সম্প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আবারও সামনে আনলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব সরকার সরাসরি ফিফার কাছ থেকে সংগ্রহ করেছে। তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সম্প্রচারস্বত্ব বিক্রি এবং বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ের মাধ্যমে সরকারের ব্যয়ের প্রায় পুরো অর্থই উঠে এসেছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচারের বিষয়টি তুলে ধরে জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, সে সময় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব না নিয়ে বেসরকারি দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে খেলা সম্প্রচার করেছিল। এতে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেন তিনি।

মন্ত্রী আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কার্যক্রম চলছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তথ্যমন্ত্রীর দাবি, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বনিম্ন ব্যয়ে বিশ্বকাপের খেলা দেশের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।

এনএনবাংলা/