বঙ্গভবন কবে ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, যা জানা গেল

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এদিকে খুব শিগগিরই বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (২৫ জুলাই) বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন তিনি। এরপর রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন।
বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এদিকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনাকে সামনে রেখে চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দেশে ফেরেন। পরে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এনএনবাংলা/
