সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

নিজেকে অসুস্থ, ঘাড়ের দুটি হাড় স্থানচ্যুত হওয়ার দাবি

জুলাই আন্দোলনকে ঘিরে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলার চার্জগঠন শুনানিতে আদালতের কাছে নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে পরিবারের সদস্যদের সঙ্গে আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই সঙ্গে কারাগারে আইনজীবীদের সঙ্গে নিয়মিত বিশেষ সাক্ষাতের অনুমতির আবেদনও জানিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে পলক বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। তার ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে এবং এমআরআই প্রতিবেদনে দুটি হাড় স্থানচ্যুত হওয়ার বিষয়টি উঠে এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাথায় হেলমেট পরা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেও আদালতকে জানান তিনি।

বক্তব্যে পলক আরও বলেন, বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি ৮৯ দিন রিমান্ডে ছিলেন। ইতোমধ্যে তিনটি মামলার বিচার চলছে এবং আরও কয়েকটি মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ দেওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি মামলা পরিচালনার স্বার্থে প্রতি দুই সপ্তাহে দুই দিন এবং প্রতিদিন তিন ঘণ্টা করে কারাগারে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন। তবে এ বিষয়ে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি।

পলকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, কারাবিধি অনুযায়ী একজন আসামি প্রতি ১৫ দিন পর পরিবারের সদস্যদের সঙ্গে আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ পান। কিন্তু একাধিক মামলা থাকায় আইনি বিষয়ে আলোচনা করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হওয়ায় প্রতি দুই সপ্তাহে দুই দিন এবং প্রতিদিন তিন ঘণ্টা করে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে। তবে আদালত এ আবেদনেও কোনো আদেশ দেননি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে হামলার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

এনএনবাংলা/