সাম্প্রতিক
Skip to content

টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, চরম দু’র্ভোগে নগরবাসী

ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি ও প্রবর্তকসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল। সকাল থেকে নগরের আগ্রাবাদ, সিডিএ, কাপাসগোলা, রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

ভারী বৃষ্টিতে নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। অনেক এলাকায় পথচারীদের পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যানজটও দেখা দিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়া এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এনএনবাংলা/এফএস