সাম্প্রতিক
Skip to content

গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০

ছবি কোলাজ: নিউ নেশন অনলাইন

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় বিস্তারিত জানানো হয়নি।

এর আগে শনিবার ওই মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। নতুন করে আরও ৪০ জন গ্রেপ্তারের ফলে গুলশানের ওই মিছিলের ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে।

শুক্রবার দুপুরে রাজধানীর গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল বের হয়। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের কয়েকটি ভিডিওতে কয়েকশ মানুষকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।

মিছিল চলাকালে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করার তথ্যও জানিয়েছিল পুলিশ। একই ঘটনায় ওইদিন গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলাটির নম্বর-১৬।

শনিবার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটক দুজনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, গ্রেপ্তার ২৪ জনকে শনিবার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এনএনবাংলা/