সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মুগ্ধতা ঢেলে দিলেন তারা

অনলাইন ডেস্ক :

ইমন চৌধুরী মানে এমন কিছু, যা বরাবরই ব্যতিক্রম ও মুগ্ধকর। ফরমায়েশি গানে তার নিজস্বতার ছাপ যেমন স্পষ্ট, একান্ত গানেও তিনি যেন দিগন্ত ছাড়িয়ে যান। যেটার প্রমাণ মিলেছে ‘মায়া রে তুই মায়া’ কিংবা ‘পুবান হাওয়া’র মতো অনাড়ম্বর গানেও। তেমনই একটি গান নিয়ে ফের হাজির ইমন চৌধুরী। যেটার শিরোনাম ‘আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না’। নাম শুনলেই যে কারোর মনে আলগোছে একটি ধাক্কা লাগবে। আর ইমনের সুর-সংগীতে গানটি ঋতুরাজ ও নন্দিতা যেভাবে গেয়েছেন, তাতে এক মুহূর্তের জন্য শ্রোতামনে নীরবতার নহর বয়ে যেতে পারে।

এই ফাঁকে বলা দরকার, ঋতুরাজ ও নন্দিতা জুটি বেঁধে ‘কোক স্টুডিও বাংলা’র অত্যন্ত প্রশংসিত গান ‘বুলবুলি’ গেয়েছেন। এ ছাড়া একই আয়োজনে নন্দিতার কণ্ঠে ‘দাঁড়ালে দুয়ারে’ গানটিও সাড়া পেয়েছে। ‘তুমি সময় করে এসো আমার ঘরে/ আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে/ আমার ঘরে কভু উনুন জ¦লে না/ আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না’-এমন কথায় গানটি গেঁথেছেন রোহিত সাধুখাঁ। নতুন গানটি ইমন চৌধুরীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেই প্রকাশ করা হয়েছে। না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা জাঁকজমক মিউজিক ভিডিও বানাননি। একটি অ্যানিমেটেড লিরিক্যাল ভিডিও হিসেবেই গানটিকে শ্রোতাদের কানে তুলে দিলেন। ভিডিও বানিয়েছেন বাপ্পা দে। গানটি নিয়ে ইমন চৌধুরী বলেছেন, ‘এটি আমাদের হৃদয়ের খুব কাছের একটি গান। ঋতুরাজ ও নন্দিতা ভীষণ আদর দিয়ে গেয়েছেন।

কিছু গান থাকে, যেগুলো একান্ত নিজের কাছেই রেখে দিতে মন চায়। এটা সেরকমই। বলতে পারেন, এটা শ্রোতাদের জন্য আমাদের ভালোবাসার উপহার।’ এদিকে প্রকাশের পর থেকেই ভূয়সী প্রশংসায় ভাসছে গানটি। সংগীতশিল্পী বেলাল খান মন্তব্য করেছেন, ‘আহা কী সুন্দর, অদ্ভুত’, সংগীত পরিচালক মীর মাসুমের মন্তব্য, ‘অদ্ভুত সুন্দর সৃষ্টি ইমন’। সাধারণ শ্রোতারা তো বটেই, এ ছাড়া অভিনেত্রী মৌসুমী হামিদ, সংগীত পরিচালক জেকে মজলিশসহ শোবিজ অঙ্গনের আরও অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ইমন চৌধুরীর শুরুটা জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ দিয়ে। তবে চলতি বছরের শুরুর দিকে ব্যান্ডটি থেকে সরে আসেন তিনি এবং একক ক্যারিয়ারে নজর দেন। নিজের একটি সংগীতদল গঠন করে বিভিন্ন কনসার্ট করেন, সেই সঙ্গে বিভিন্ন সিনেমার সংগীত পরিচালনার কাজও করছেন তুমুল ব্যস্ততায়।