সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচন ব্যর্থ হলে দেশের স্বাধীনতা হুমকিতে পড়বে: শামসুজ্জামান দুদু

 

ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে শুধু সরকার নয়, এর ভয়াবহ খেসারত দিতে হবে পুরো জাতিকে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশের ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময় খুব বেশি নেই। জাতীয় সংসদ নির্বাচনের জন্য এক মাসেরও কম সময় অবশিষ্ট রয়েছে। নির্বাচনের পরপরই দেশে নতুন সরকার গঠিত হবে। সেই সরকার যদি দেশপ্রেমিক হয় এবং জনগণের অনুভূতি ও চাহিদা অনুধাবন করতে পারে, তাহলে দেশ সমৃদ্ধির পথে এগোবে এবং স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষিত থাকবে।

ভাইস চেয়ারম্যান দুদু বলেন, একটি ভালো নির্বাচনের অন্যতম শর্ত হলো মানুষ যেন নির্বিঘ্নে, নির্ভয়ে ও নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে যেতে পারে। গত ১৫–১৬ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি; অনেক ক্ষেত্রেই ভোট আগেই হয়ে যেত—এমন অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। দেশের নিরাপত্তা ও মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

দুদুর অভিযোগ, এই অবহেলার ফলেই ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে খুন ও সহিংসতার ঘটনা ঘটছে। তিনি বলেন, আমাদের তরুণ ছাত্রনেতা হাদিও এর শিকার হয়েছে। ভালো নির্বাচন নিশ্চিত করতে যে সময়টুকু এখনো বাকি আছে, তা কাজে লাগিয়ে দ্রুত বৈধ ও অবৈধ সব ধরনের অস্ত্র উদ্ধার করা প্রয়োজন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, জোটের মুখপাত্র এস এম শাহাদাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনএনবাংলা/পিএইচ