দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
তের বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত কথিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ৭ মে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা “একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন” বলে আন্তর্জাতিক অঙ্গনে প্রচার চালানোর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
এছাড়া প্রসিকিউশনের দাবি, হেফাজতে ইসলামের মহাসমাবেশকে শুরু থেকেই উসকানিমূলকভাবে একাত্তর টেলিভিশনে উপস্থাপন করেছিলেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। তখন মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদকের দায়িত্বে ছিলেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের আগামী ১৪ মে পুনরায় হাজির করার নির্দেশ দেন। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
এই মামলায় এখন পর্যন্ত মোট ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ
