Skip to content

Upcoming
Australia
0-0
Egypt
Source: ESPN

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা এবং তিনি আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সীমান্তের ৯০৫/৬ এস পিলারের প্রায় ১৫০ গজ ভারতের ভেতরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের ভূখণ্ডে ফিরে আসেন। পরে স্থানীয় লোকজন ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, মধ্যরাতেই সীমান্তে গুলির ঘটনার খবর পাওয়া যায়। পরে অনুসন্ধানে জানা যায়, গুলিবিদ্ধ ওই যুবক রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এনএনবাংলা/পিএইচ