সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

রোববার থেকে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ছে, রাতেও মিলবে অতিরিক্ত সেবা

রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এ সময়সূচি আগামী রবিবার (৭ জুন) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী উভয় প্রান্তে মেট্রোরেলের রাতের সেবা ২০ মিনিট করে বৃদ্ধি করা হচ্ছে। ফলে মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। বর্তমানে এই ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়।

অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। বর্তমানে এ রুটে শেষ ট্রেনের নির্ধারিত সময় রাত ৯টা ৩০ মিনিট।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের সেবা সম্প্রসারণের লক্ষ্যে গত এক মাস ধরে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেই প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই বর্ধিত সময়সূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে প্রাথমিকভাবে অতিরিক্ত ২০ মিনিটের সময়সীমায় মাত্র একটি করে ট্রিপ পরিচালিত হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী এবং আরেকটি ট্রেন উত্তরামুখী চলাচল করবে। এ সময় ট্রেনগুলোর মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, “রাতে উভয় দিক থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, রবিবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী অতিরিক্ত ২০ মিনিট সেবা চালু করা সম্ভব হবে।”

সংশ্লিষ্টদের মতে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং রাজধানীতে রাতের যাতায়াতের বাড়তি চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি কার্যকর হলে কর্মজীবী মানুষসহ রাতের যাত্রীদের জন্য মেট্রোরেল সেবা আরও বেশি সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।