সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা ভারত কিংবা বাংলাদেশ—যেখানেই আত্মসমর্পণ করুন, তাকে আগে কারাগারে যেতে হবে। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত একজন আসামির বক্তব্য সরকার আমলে নেওয়ার প্রয়োজন মনে করে না। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ফিরলে তাকে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং এরপর কারাগারে যেতে হবে। পরবর্তী সব কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, কোনো আসামি আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দিলে তা উসকানিমূলক হিসেবে বিবেচিত হতে পারে। তার ভাষ্য, এসব বক্তব্যের মাধ্যমে তিনি দলের পলাতক নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছেন বলে মনে হয়। এর বাইরে অন্য কোনো কারণ তিনি দেখেন না।

শামা ওয়ায়েদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ব্যবস্থার আওতায় বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, যে কোনো আসামি আত্মসমর্পণ করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার আত্মসমর্পণ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি ভারতের নাগরিক কি না, কিংবা সেখানে কোথায় আত্মসমর্পণ করবেন, সেটি তার নিজস্ব বিষয়। এতে বাংলাদেশ সরকারের কোনো ভূমিকা নেই। তিনি বিদেশে বাংলাদেশের কোনো মিশনে কিংবা দেশে এসে আত্মসমর্পণ করুন—উভয় ক্ষেত্রেই আইনি প্রক্রিয়া একই থাকবে। তাকে কারাগারে যেতে হবে এবং আদালত প্রদত্ত সাজার মুখোমুখি হতে হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কী বক্তব্য দিলেন, সেটি বাংলাদেশ সরকার আমলে নেয় না এবং নেবেও না। তিনি বলেন, শেখ হাসিনা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত। তাকে দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া রয়েছে, তা আগেই শুরু হয়েছে এবং সেটিই চলমান রয়েছে। এ বিষয়ে নতুন কোনো প্রক্রিয়া শুরু করার প্রয়োজন নেই।

অন্তর্বর্তী সরকারের সময় ভারতে অবস্থান করে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানানো হতো। বর্তমান সরকার এ বিষয়ে ভারতকে কিছু জানাবে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওয়ায়েদ বলেন, সব বিষয় গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানানো হয় না। ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ও যোগাযোগের সময় এসব বিষয়ও আলোচনায় আসে। তিনি বলেন, কোনো আসামি দেশের বাইরে থাকুক বা আত্মসমর্পণ করুক কিংবা না করুক, তার বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে সরকারের চলমান প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/