Skip to content

বাউফলের নিয়োগ পরীক্ষায় সাবেক এমপিপুত্রের উপস্থিতি ঘিরে বিতর্ক

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহকারী (সুপারভাইজার) পদে নিয়োগের এমসিকিউ পরীক্ষার হলে সাবেক বিএনপি সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের ছেলে আকাশ তালুকদারের উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, তিনি মোবাইল ফোন হাতে প্রায় ৩০ মিনিট পরীক্ষাকেন্দ্রের ভেতরে অবস্থান করেন। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে।

একাধিক পরীক্ষার্থীর দাবি, পরীক্ষা চলাকালে আকাশ তালুকদার মোবাইল ফোন হাতে হলরুমে অবস্থান করেন। তাঁদের অভিযোগ, একজন বহিরাগত হিসেবে তাঁর পরীক্ষার হলে উপস্থিত থাকা এবং ইলেকট্রনিক ডিভাইস বহন করা নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও পরিবেশ নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

পরীক্ষার্থী নাজমুল হোসেন বলেন, পরীক্ষার হলে একজন বহিরাগত ব্যক্তির উপস্থিতি আমাদের হতবাক করেছে। এর ওপর আকাশ তালুকদার মোবাইল ফোন হাতে পুরো সময় হলরুমে ছিলেন, যা পরীক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ পরীক্ষার হলের বাইরে থেকে ভিডিও ধারণ করেছেন। এতে পরীক্ষার্থীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।

আরেক পরীক্ষার্থী জাফর ইকবাল বলেন, পরীক্ষার হলে প্রভাব খাটিয়ে কোনো বহিরাগত ব্যক্তির মোবাইল ফোন হাতে অবস্থান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা পুরো সময় তাঁকে মোবাইল ফোন হাতে দেখেছি।

পরীক্ষার্থী মো. মহিউদ্দীন বলেন, সরকারি একটি নিয়োগ পরীক্ষায় এমন ঘটনা দুঃখজনক। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।

অভিযোগের বিষয়ে আকাশ তালুকদার বলেন, পরীক্ষার সময় আমি হলে উপস্থিত ছিলাম। তবে বেশিক্ষণ থাকিনি, অল্প সময় ছিলাম।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, অবৈধভাবে কারও পরীক্ষার হলে থাকার সুযোগ নেই। অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সিসিটিভি ফুটেজে তাঁর উপস্থিতির সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/