১৫ আগস্টকে ঘিরে নিষিদ্ধ কার্যক্রমের দায়ে খুলনায় আটক ৫
খুলনায় ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম ও জনসম্মুখে উপস্থিতির চেষ্টা প্রতিহত করতে অভিযান চালিয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন পশ্চিম বানিয়াখামার পুরাতন গল্লামারী রোডের পশু হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।
১৫ আগষ্ঠ শনিবার কেএমপি’র মিডিয়া সেল এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু লোককে একত্রিত করে খাবার বিতরণের মাধ্যমে ১৫ আগস্টকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরবর্তী সময়ে নাশকতা ও রাষ্ট্রের স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার সম্ভাবনা বিবেচনায় নিয়ে পুলিশ ওই কার্যক্রম প্রতিহত করে।
আটক ব্যক্তিরা হলেন—আলী হোসেন (২৪), মো. ইমন (২৬), আশরাফুল ইসলাম (২৬), আব্দুস সামাদ (৫২) এবং মো. রনি সরদার (২৭)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কেএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, আইন ভঙ্গের ক্ষেত্রে ব্যক্তির পরিচয়ের পরিবর্তে তার কর্মকাণ্ড ও অপরাধের বিষয়টিই বিবেচনায় নেওয়া হবে।
এনএনবাংলা/
