সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মুরাদনগরে স্ত্রীকে খুন করে পালিয়ে গেল স্বামী

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আর্জুনা বেগম উপজেলার পাহাড়পুর গ্রামের জামাল শিকদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহের এলাকা থেকে এসে পাহাড়পুর গ্রামে বসতি গড়ে তোলেন জামাল শিকদার ও আর্জুনা বেগম। জামাল পাহাড়পুর এলাকার বিসমিল্লাহ ফিশারি প্রজেক্টে কর্মরত ছিলেন। তাদের সংসারে ১৪ বছর বয়সী একটি মেয়ে ও ১০ বছরের একটি ছেলে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সোমবার দুপুর ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০ বছর বয়সী ছেলে ইয়াসিনের সামনেই ‘দা’ দিয়ে আর্জুনা বেগমকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ঘটনার পর জামাল শিকদার পালিয়ে যান।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ ছামাদ মাঝি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার কাছে রক্তাক্ত অবস্থায় আর্জুনা বেগমকে পড়ে থাকতে দেখেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী জামাল শিকদার পলাতক রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/