সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বহিষ্কার বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রায়কালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগে বিএনপির এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু।

রোববার রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার রানা, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল হাসান ইমন ও আহমেদ মোশারফ স্বাক্ষরিত এক চিঠিতে মিজানুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। সোমবার এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২১ জুলাই রায়কালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বাড়িটি ছেড়ে দিতে তাকে সাত দিনের সময় দেওয়া হয়েছিল। তবে তিনি তা না মানায় দলের ভাবমূর্তি রক্ষায় বিএনপির সব পদসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বাড়ি দখলের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দেন বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমানকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বলে।

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়কালী গ্রামের চার শতক জমির ওপর প্রায় ১০ থেকে ১২ বছর আগে দোতলা পাকা বাড়ি নির্মাণ করেন বেলাল হোসেন। প্রায় চার বছর আগে বাড়িটি বন্ধক রেখে অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখা থেকে ১২ লাখ টাকা ঋণ নেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। তখন তার স্ত্রী শাহনাজ বেগম বাড়িতে ছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনিও স্বামীর সঙ্গে চলে যান।

অভিযোগ অনুযায়ী, এই সুযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বাড়িটি দখলে নেন। পরে বাড়ি ভাড়ার টাকা দেওয়ার কথা বললেও তিনি তা দেননি। একপর্যায়ে মিজানুর রহমান দাবি করেন, বাড়িটি যে জমির ওপর নির্মাণ করা হয়েছে, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। এ কারণে তিনি বাড়ি ছাড়তে রাজি হননি।

সরেজমিনে দেখা যায়, বেলাল হোসেনের ওই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন মিজানুর রহমান। দোতলার কয়েকটি কক্ষ তার আত্মীয়দের ভাড়া দেওয়া হয়েছে। বাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে মিজানুর রহমানের ভায়রা ভাই বলে পরিচয় দেন। পরে এক শিশুর সঙ্গে কথা হলে সে নিজেকে মিজানুর রহমানের ছেলে বলে জানায় এবং তার বাবা রায়কালী বাজারে গেছেন বলে জানায়।

তবে বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর রহমান বাবু। তিনি বলেন, ‘জায়গাটি আমার দাদার। ১০ থেকে ১৩ বছর আগে বেলাল হোসেন জায়গাটি দখল করে বাড়ি নির্মাণ করেছেন। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং বেলাল হোসেন রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আমাদের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন। আমি বাড়ি দখল করিনি, নিজেদের জায়গা ফেরত নিয়েছি।’

বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘শুনেছি আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত কোনো চিঠি এখনও হাতে পাইনি। উপজেলা বিএনপি আমাকে ডেকেছে। তবে সোমবার সকালে ওই বাড়ি থেকে সব আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিয়ে বাড়িটি ছেড়ে দিয়েছি।’

আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার রানা বলেন, ‘অন্যের বাড়ি দখল করা বড় ধরনের অপরাধ। আমরা তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বলেছিলাম। এরপরও তিনি বাড়ি ছাড়েননি। তাই দলের ভাবমূর্তি রক্ষায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

এনএনবাংলা