বৈরী আবহাওয়ায় সদরঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া, কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে রাজধানীর সদরঘাটসহ পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি, লঞ্চ ও সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ঈদকে সামনে রেখে ঘরমুখো হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১২টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, ভারী বৃষ্টির কারণে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টিতে পদ্মা নদী উত্তাল হয়ে উঠলে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র এজিএম মোহাম্মদ সালাম।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্র জানায়, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে নদীতে তীব্র ঢেউ ও প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ঘাট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে যাত্রী পারাপারের জন্য মোট ২৬টি ফেরি, ৩২টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করছিল। তবে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাট এলাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি তৈরি হয়েছে।
এনএনবাংলা/
