Skip to content

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের অনুসন্ধান প্রতিবেদন মন্ত্রীর কাছে জমা দিয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য অধিদফতর গঠিত পৃথক তদন্ত কমিটি আগামীকাল তাদের প্রতিবেদন দাখিল করবে। এ বিষয়ে আগামীকাল দুপুর ৪টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের একই ওয়ার্ডে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঈদের আগ মুহূর্তে ঘটে যাওয়া এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রীও ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালের বিভিন্ন অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় কমিটি ৩ জুন পর্যন্ত সময় বৃদ্ধি চায়। কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদফতরের আরেকজন কর্মকর্তা সদস্য হিসেবে রয়েছেন।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে। এদিকে, গত তিন দিন আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ অভিযানে আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এনএনবাংলা/পিএইচ