সাম্প্রতিক
Skip to content

শেখ হাসিনার আত্মীয়তা প্রসঙ্গে পার্থ

‘আমি কারও আত্মীয় হিসেবে নয়, তথ্যমন্ত্রী হিসেবে বসেছি’

তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি: সংগৃহীত

তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে প্রশ্ন করতে গিয়ে এক সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করেন। জবাবে পার্থ বলেন, তিনি সেখানে তথ্যমন্ত্রী হিসেবে বসেছেন, কারও আত্মীয় হিসেবে নয় এবং সাংবাদিকদের আরও ‘প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করার প্রত্যাশা করেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে ওই সাংবাদিক বলেন, ‘পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি হাদির খুনিদেরও ফেরত দেওয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’

জবাবে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারও আত্মীয় হিসেবে নয়। আশা করি আরও প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।’

একই প্রশ্নের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘জবাব দেওয়ার আগে আমি একটু যোগ করি, উনি (পার্থ) বহু বছর ধরে কার সঙ্গে ছিলেন? উনি কী করেছেন? এটা পরিষ্কারভাবে দেখা গেছে।’

পরে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন—এটা আমরা জানি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে দেওয়া হয়েছে।’

আন্দালিভ রহমান পার্থ আরও বলেন, ‘জানা মতে, ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে। আমার মনে হয়, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি তার জন্য খুব একটা সুখবর হবে না।’

তিনি বলেন, শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, সরকার তাদের সবাইকে দেশে ফেরত চায়।

এনএনবাংলা/