Skip to content

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-১২ কুমিল্লাগামী একটি নতুন ট্রলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর ট্রলারটি মুহূর্তের মধ্যেই বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়।

তিনি আরও জানান, ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আটজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুই আরোহীকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

এনএনবাংলা/